জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্রোহী কবি, সাম্যের কবি ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও জীবনদর্শনকে স্মরণ করে অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও নজরুলপ্রেমীরা অংশ নেন। তারা কবির জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর অমর সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শনে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভালোবাসার যে বার্তা রয়েছে, তা আজও সমাজ ও রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে ফুটে ওঠে নজরুলের বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার চেতনা। কবির সৃষ্টিকর্ম ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠানটি শেষ হয়।