রাজধানীর উত্তরা পশ্চিম ও ভাটারা এলাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে এসআরবি-১। নিখোঁজ এক নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর শুরু হওয়া ধারাবাহিক অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-১-এর উত্তরার অধিনায়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে এক নিখোঁজ নারীকে উদ্ধারের আবেদন পায় এসআরবি-১। ওই দিন বিকেল ৩টার দিকে এসআরবি-১-এর সিপিসি-২-এর একটি দল ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ারের কাছাকাছি এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হয় রাজধানীর ভাটারা এলাকায়। ২৬ অক্টোবর রাত ৮টা থেকে ২৭ অক্টোবর রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১২ নারীকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, তাঁদের চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে তাঁদের বিদেশে পাচারের উদ্দেশ্যে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই একটি বাসায় আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, আটকে থাকা অবস্থায় নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি তাঁদের বিভিন্ন শোষণমূলক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
উদ্ধার হওয়া ১২ নারীকে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: চ্যানেল ২৪