বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার আলোচনায় এসেছেন ২০০ কোটি রুপির অর্থপাচার ও চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়ে।
গত ৬ নভেম্বর ২০২৬ ভারতের দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য রেকর্ড করান নোরা। মামলাটি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা ২০০ কোটি রুপির চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত।
আদালতে নোরা জানান, ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সুকেশের স্ত্রী লীনা পলুসের মাধ্যমে সুকেশের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। লীনা ফোনে তাঁর স্বামীর সঙ্গে কথা বলিয়ে দেন। ওই সময় তাঁকে উপহার হিসেবে একটি গাড়ি দেওয়ার কথাও বলা হয়েছিল বলে আদালতে জানান অভিনেত্রী।
নোরা আরও জানান, তিনি ভারতে টি-সিরিজের অধীনে কর্মসংস্থান ভিসায় অবস্থান করছেন।
উল্লেখ্য, এই মামলায় নোরা ফাতেহি অভিযুক্ত নন; তাঁকে প্রসিকিউশনের সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। আদালত পরবর্তী শুনানিতে তাঁকে আগামী ৩০ নভেম্বর আবারও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।