কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নে মানবিক কল্যাণ, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘আলোকিত বল্লভেরখাস স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
গত ২৯ মে গাবতলা বাজারে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
নবগঠিত কমিটিতে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা, সামসুল আলম সেলিমকে সভাপতি, মো. লিটন সরকারকে সাধারণ সম্পাদক, মো. লুতফর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মো. মিরাজ সিদ্দিকীকে মিডিয়া ও প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মো. রুবেল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সহ-কোষাধ্যক্ষ মো. ফয়েজ উদ্দিন এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক শ্রী গোপাল চন্দ্র।
কমিটি ঘোষণার পর সংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৬০টি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়, যা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের মিডিয়া ও প্রচার সম্পাদক মো. মিরাজ সিদ্দিকী বলেন, “পদ পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো মানবিক কল্যাণে কাজ করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। ঈদ উপহার বিতরণ ছিল আমাদের প্রথম পদক্ষেপ। আগামী দিনে বল্লভেরখাস ইউনিয়নকে একটি আদর্শ, মানবিক ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
স্থানীয়রা মনে করছেন, নবগঠিত এই সংগঠন ও এর নতুন নেতৃত্ব বল্লভেরখাস ইউনিয়নের সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের সদস্যরাও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।