পবিত্র ঈদুল আজহা উপলক্ষে Islamic Relief Bangladesh–এর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫টি ইউনিয়নের ১৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ ও মানবতার সেবা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।