কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সাধারণ ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোবনদহ কেন্দ্রীয় হরিমন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বর্গীয় প্রফুল্ল চন্দ্র মহাশয়ের বহিরাঙ্গনে অবস্থিত সোবনদহ কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চঞ্চল কুমার সরকার।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জনসেবার চর্চা আরও বিস্তৃত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।