চিকিৎসা সহায়তার জন্য জমা পড়া ৬০০টিরও অধিক আবেদনের মধ্যে প্রয়োজনের অগ্রাধিকার বিবেচনায় ৬১ জন আবেদনকারীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে । কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁর ২০২৫–২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত ১ লাখ ৮৩ হাজার টাকার সম্পূর্ণ অর্থ এ খাতে বরাদ্দ দিয়েছেন।
জানা গেছে, নির্বাচিত ৬১ জন প্রত্যেকে ৩ হাজার টাকা করে সহায়তা পাবেন। প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিগগিরই তাদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।
এছাড়া চিকিৎসা সহায়তার জন্য জমা পড়া অবশিষ্ট আবেদনগুলোর জন্যও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ১০ লাখ টাকা থেকে আবেদনকারীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হচ্ছে। বিতরণ কার্যক্রম সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “সহায়তা প্রদানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতা, ন্যায়সংগততা এবং প্রকৃত প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সীমিত বরাদ্দের মধ্যেও যত বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানো যায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।”