কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি আন্ধারীঝাড় “আলোর-দিশারি” সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্ধারীঝাড় ইউনিয়নের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করছে। তাদের এ সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ইউনিয়নের জন্যই গর্বের বিষয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের এ অর্জন নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং এলাকার শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।
সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের কথা স্মরণ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।