নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সংঘটিত হামলায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মোস্তফা আমির ফয়সল (২০), নেত্রকোণা আবু আব্বাস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বামনমোহা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সোমবার (১ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বামনীকোনা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ফয়সল। অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো ও ভিডিও ধারণকে কেন্দ্র করে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিয়ে বাড়ির স্বজন ও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে পরিস্থিতি শান্ত করেন।
তবে কিছুক্ষণ পর ওই ঘটনার জেরে কয়েকজন তরুণ লাঠিসোটা নিয়ে ফয়সলের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হামলার সময় তাকে বিদ্যুতের শকও দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় ফয়সলকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মঙ্গলবার (২ জুন) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।