দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে আনা হয়েছে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার টিটিসি ভবনে ক্লোজড করা হয়। পাশাপাশি তাকে আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে কুড়িগ্রাম টিটিসির উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, কমিশন ছাড়া ঠিকাদারি কাজ না দেওয়া এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগের বিষয় তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটেই প্রশাসনিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক বলেন, আবু সৈয়দ মো. রেজাউল করিমকে সাধারণ বদলি করা হয়নি; তাকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনিক এ রদবদলের ঘটনায় কুড়িগ্রাম টিটিসি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের অগ্রগতি এবং পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর সংশ্লিষ্টদের।