নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর এক জরুরি সাংগঠনিক সভায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে নারী সংক্রান্ত একটি অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াত নেতারা জরুরি বৈঠকে বসেন। সেখানে সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তাকে মৌখিকভাবে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
স্থানীয় সূত্রের অভিযোগ, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর ইউনিয়নের গজারিয়াপাড় এলাকায় এক প্রতিবন্ধী যুবকের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সজলকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও নুরুল ইসলাম সজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি।
এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্নজন নুরুল ইসলাম সজলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এ ঘটনায় নানা মন্তব্য করেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইদ্রিছ আলী বলেন, “অনৈতিক কাজে লিপ্ত থাকায় গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে বহিষ্কার করা হয়েছে।”
তবে নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অভিযোগের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।