নেত্রকোণা পৌরশহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা থানার মোড়। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশে একটি বড় গর্ত সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বড় গর্তটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই গর্তের কারণে বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। রাতের বেলা বা অসাবধানতাবশত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
গর্তটিকে চিহ্নিত করার জন্য একটি গাছের ডাল ফেলে রাখা হয়েছে, যা দূর থেকেও তেমন একটা চোখে পড়ে না। ব্যস্ততম এই সড়কে এই ধরনের অব্যবস্থাপনা চলাচলকারী সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগজনক।
স্থানীয়রা জানান, এলাকাটি শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি হওয়ায় এখানে সবসময় জনসমাগম থাকে। তাই জীবনের ঝুঁকি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।