নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি বিদ্যালয়ে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে তিন বহিরাগত কিশোর বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অষ্টম শ্রেণির দুই ছাত্রীর কাছে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট দেয়। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।
পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে।
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, বিষয়টি অভিভাবকদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে সহযোগিতা না পাওয়ায় বহিরাগত তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরে অনিয়ন্ত্রিতভাবে সময় কাটাচ্ছে, যা উদ্বেগের বিষয়। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বিদ্যালয়ে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিন কিশোরকে থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।