হাজারো ম্যাটস শিক্ষার্থীর ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ডি.এম.এফ ইন্টার্ন অ্যাসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) পদে নিয়োগ পুনরায় চালুর দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, SACMO নিয়োগ পুনরায় চালু করা শুধু ম্যাটস শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয় নয়, বরং দেশের তৃণমূল স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তাদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে হাজারো ম্যাটস শিক্ষার্থী কর্মসংস্থানের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল সংকট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে SACMO পদে নিয়োগ কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।
বক্তারা আরও বলেন, “অধিকার আদায়ের পথে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”