শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ৪৫টি গাছের চারা রোপণ করা হয়।
বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশপাশের সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় ছাত্রনেতা রনি সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার প্রতীক ছিলেন। তাঁর আদর্শকে ধারণ করেই তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রদল। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার বার্তাও দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলতাব হোসেন, ছাত্রনেতা নয়ন খানসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।