হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা ও নেতাকর্মীরা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথে একাধিক স্থানে বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যার মোড় অতিক্রম করে বাহুবল-রশিদপুর গ্যাসফিল্ডের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি খালি বালুবাহী ট্রাক আড়াআড়িভাবে রেখে এনসিপির গাড়িবহরের পথরোধ করা হয়। তবে নেতাকর্মীরা ট্রাকটি সরিয়ে আবারও গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখেন।
এনসিপির দাবি, বিকেল ৪টার কিছু আগে শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিকেল ৫টা পর্যন্ত অন্তত তিনটি স্থানে তাদের বাধা দেওয়া হয়েছে।
তার ভাষ্য, “প্রথমে পুলিশ দিয়ে, এরপর সড়কে ট্রাক দাঁড় করিয়ে ও চাকা পাংচার করে এবং সর্বশেষ রাস্তার ওপর ট্রাক্টর রেখে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়।”
অন্যদিকে, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আব্দুর রাজ্জাক বলেন, “তাদের নিরাপত্তার স্বার্থে গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছিল। তবে তারা আমাদের অনুরোধ না মেনে সামনে চলে যান। বর্তমানে বহরটি শ্রীমঙ্গল অতিক্রম করেছে।”
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীমঙ্গল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ পরিস্থিতিতে বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউজে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছাতে পারেননি।