প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, সংস্কার ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কার্যক্রমে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AUST) আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন নিয়ে সব সময় ভাবেন। কীভাবে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যায়, কীভাবে চলমান সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা যায়—এসব বিষয় নিয়েই তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর ভাষায়, প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন এবং দেশের অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।
তিনি বলেন, সরকারের নেওয়া পরিবর্তন ও সংস্কারমূলক উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে। তবে এ পথে অর্থনৈতিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের যুবসমাজ। তাদের মেধা, দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেমই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সামনে যত বাধাই আসুক না কেন, তরুণদের অদম্য শক্তি ও ইতিবাচক মনোভাবই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। দীর্ঘদিনের বিভিন্ন সংকট কাটিয়ে উঠতে পরিকল্পিত উদ্যোগ, সুশাসন এবং সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। দেশের বর্তমান পরিস্থিতি নতুন বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।