কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সংঘটিত সংঘর্ষের ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদ হাসান শান্ত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় ফুলবাড়ীর আরও একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে।

এছাড়া জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসানের একটি পা ভেঙে গেছে এবং সদস্য সচিব সাদিকুর রহমান আহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং তাদের সঙ্গে কোনো ধরনের অস্ত্র ছিল না। তাদের অভিযোগ, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।