কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেবলের ভিটা গ্রামের পূর্ব কুমুরপুর মৌজার একটি গুরুত্বপূর্ণ সড়ক টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভেঙে পাশের পুকুরে পড়ে গেছে। ফলে ওই এলাকার স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের অবিরাম বর্ষণে রাস্তার মাটি নরম হয়ে ধসে পড়ে এবং ধীরে ধীরে রাস্তার বড় একটি অংশ পুকুরে বিলীন হয়ে যায়। এতে বর্তমানে ওই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ পায়ে হেঁটেও নিরাপদে চলাচল করতে পারছে না।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে বিকল্প পথে দীর্ঘ সময় ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তার এমন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
গ্রামবাসীরা দ্রুত ভাঙা অংশ মেরামত করে নতুন করে রাস্তা নির্মাণের পাশাপাশি টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ঘোগাদহ ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুত এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।