চ্যানেল ওয়ান ও জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর কুড়িগ্রাম প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সকালে “Nationalist Kurigram” নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয় সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ জেলা বিএনপির আহ্বায়ককে নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন এবং জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ বলেন, তিনি কখনোই জেলা বিএনপি বা এর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়—এমন কোনো সংবাদ প্রকাশ করেননি। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে একই ফেসবুক আইডি থেকে জেলা বিএনপির আহ্বায়ককে নিয়েও বিভ্রান্তিকর পোস্ট করেছে। এছাড়া কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে বলে তিনি মনে করেন। তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানান।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “সাংবাদিক রাশেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে কখনোই আমার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করেনি। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের সবাই চেনে। রাশেদ বিএনপির দুর্দিনেও দায়িত্বশীল সাংবাদিকতা করেছে। ‘Nationalist Kurigram’-এর এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তামজিদ হাসান তুরাগ বলেন, “এ ধরনের অপপ্রচার মানহানিকর এবং আইনত দণ্ডনীয়। যখন দলের আহ্বায়ক নিজেই বিষয়টিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন, তখন এমন প্রচারণার কোনো ভিত্তি নেই। এ ধরনের ফেক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হারুন উর রশিদ বলেন, “ফেক আইডি ব্যবহার করে সম্মানিত ব্যক্তি ও সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার প্রবণতা উদ্বেগজনক। অভিযোগ সত্য হলে প্রকৃত পরিচয়ে তা প্রকাশ করা উচিত। এ ধরনের অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
এ ঘটনায় জেলার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকেই অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।