পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে পরিবেশবান্ধব এক ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। সোমবার (৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজন সবার মাঝে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
ইফতার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কলাপাতায় খাবার পরিবেশন। প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার না করে প্রাকৃতিক কলাপাতায় বিভিন্ন ধরনের ইফতারের খাবার সাজিয়ে পরিবেশন করা হয়। ভিন্নধর্মী এই উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু নূর এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও কলেজের শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি জাকারিয়া বলেন, ইফতার মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। কিন্তু বর্তমানে ইফতার পরিবেশনে প্লাস্টিকসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই চিন্তা থেকেই গ্রীন ভয়েস পরিবেশবান্ধব এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, কলাপাতায় ইফতার পরিবেশনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় একটি ছোট বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সমাজের সকল মানুষকে পরিবেশ রক্ষায় এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এমন পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।