জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার কুড়িগ্রাম জেলা পর্যায়ের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে। ইভেন্টগুলো হলো— নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে আরও গভীরভাবে পরিচিত করানো এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার পাশাপাশি নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।