নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছেলেকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আবুল হোসেন নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনের এলাকার বাসিন্দা। তার বাবার নাম রজব আলী। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, আবুল হোসেন তার ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখে ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা চালক রুমান মোল্লাকে (২৩) আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।