ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুর এলাকায় আরিচামুখী লেনে একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ কারণে সামনে থাকা একটি প্রাইভেট কার ও একটি কাভার্ড ভ্যান গতি কমিয়ে দেয়। তাদের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি নিয়ন্ত্রণ করে। তবে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয় এবং বেশ কিছু দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়।
দুর্ঘটনায় একটি মোটরসাইকেলে থাকা আবাস সাহা ও সুজয় সাহা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাদের ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলের চালক সৈয়দ নাইমুল হককে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সীমিন সাইয়ারা জানান, সকাল ৮টা ১০ মিনিটে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ জানান, নাইমুল হককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আবাস সাহা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। সুজয় সাহা ছিলেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। আর সৈয়দ নাইমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।