বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিশু সাংবাদিক মো. সুন্নাতুল ইসলাম নিরব (নিরব ইসলাম)। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রবীণ এই সাংবাদিক।
ডিজিটাল সাংবাদিকতার এই রূপকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শিশু সাংবাদিক মো. সুন্নাতুল ইসলাম নিরব বলেন:
“তৌফিক ইমরোজ খালিদী স্যার শুধু একটি সংবাদমাধ্যমের প্রধান ছিলেন না, তিনি আমাদের মতো শত শত শিশু সাংবাদিকের পথপ্রদর্শক ও অভিভাবক ছিলেন। হ্যালো ডট বিডিনিউজের মাধ্যমে তিনি আমাদের সত্য লিখতে ও নির্ভীক হতে শিখিয়েছেন। তার এই আকস্মিক চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার পাশাপাশি হ্যালো ডট বিডিনিউজের মাধ্যমে শিশুদের অধিকার ও কণ্ঠস্বর গণমাধ্যমে তুলে ধরতে তৌফিক ইমরোজ খালিদীর নেওয়া বিভিন্ন উদ্যোগ ও দিকনির্দেশনা তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।