নেত্রকোণা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টা ৪৬ মিনিটের দিকে একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ‘সালতি’ নামে একটি বড় রেস্তোরাঁসহ একাধিক দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, প্লাস্টিকের দোকানে আগুন লাগার পর দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরাও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে আসেন। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টার পর মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ‘সালতি’ রেস্তোরাঁসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সহযোগিতার প্রশংসা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। আল্লাহর রহমতে বড় ধরনের প্রাণহানি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে বাজার এলাকায়।