২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক ভাবগম্ভীর ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রাণের মানুষ আছে প্রাণে…” শীর্ষক এই গীতিনৃত্য ও আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, নেত্রকোণা। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন এবং পৃষ্ঠপোষকতায় ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্থানীয় ও শিল্পকলা একাডেমির শিশু ও তরুণ শিল্পীদের পরিবেশিত রবীন্দ্র নৃত্য ও সঙ্গীত। রবীন্দ্রকাব্যের গূঢ় বাণী ও ভাবাবেগ নৃত্যশৈলীর মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের সুরের মূর্ছনা এবং মননশীল আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবির কালজয়ী সৃষ্টিকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
উপস্থিত সুধীবৃন্দ ও দর্শকরা শিল্পীদের পরিবেশনা গভীর মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। জীবনের প্রতিটি মুহূর্তে এবং সুখে-দুঃখে তাঁর উপস্থিতি অমলিন। এ ধরনের নিয়মিত আয়োজন তরুণ প্রজন্মকে রবীন্দ্রচেতনা ও শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।