গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা বিকল্প পরিকল্পনা দিন। আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব—সে বিষয়ে আপনারা বলুন।’
তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলের একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংকট সমাধানে গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।
রিজভী আরও বলেন, ‘একটি পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট থেকে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটকে দায়ী করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ অনেকে।