‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কুড়িগ্রামে টেরেডেস হোমস কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে শিশু গবেষণা, শিশু সাংবাদিকতা, ফটোগ্রাফি, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনবিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে এসব বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন এনসিটিএফ কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণ এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুজাহিদ ইসলাম জয়। এ সময় শিশুদের অধিকার, সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতে শিশুদের দক্ষতা ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।