সংবিধান সংশোধনের জন্য সরকারের গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে এর পরিবর্তে পুরো সংবিধানের আমূল সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সংবিধান সংশোধন নয়—গণভোট ও ‘জুলাই সনদ’-এর আলোকে রাষ্ট্রের নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে।
এ প্রেক্ষাপটে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের অন্যতম শরিক এনসিপি রাজপথে বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলটির শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকার যদি দ্রুত সংবিধান সংস্কারের বিষয়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
দলটির নেতাদের ভাষ্য, বিদ্যমান সংবিধানে আংশিক সংশোধন করে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে পুরো সংবিধানের আমূল সংস্কারই প্রয়োজন।
এনসিপির দাবি, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।