নড়াইলের লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর ওপর হামলা চালিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল শেখ (২৮) যশোর জেলার ধলগ্রামের শহীদ শেখের ছেলে। তিনি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযুক্ত স্ত্রী আদরী বেগম (২০) একই গ্রামের বাদলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই রুবেল ও আদরীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোরে রুবেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী হঠাৎ তার ওপর চড়ে বসেন। এরপর ধারালো ব্লেড বা এ ধরনের কোনো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
রুবেলের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার করে ক্ষতস্থানে আটটি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।