কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে এক উপ-পরিদর্শক (এসআই) এবং জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই এলাকার বাসিন্দাদের ব্যানারে পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এক পক্ষের অভিযোগ, নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী একটি জমি-সংক্রান্ত ঘটনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছেন। এ অভিযোগে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, একই এলাকায় অপর পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে দাবি করে, এসআই ইদ্রিস আলীর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তাদের ভাষ্য, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে এবং একটি পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত, প্রকৃত ঘটনা তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারেরও প্রতিবাদ জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই এলাকার নাম ব্যবহার করে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এলাকার সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।