জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটির একাধিক উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কিউশুসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পর জেএমএ সুনামি সতর্কতা জারি করে জানিয়েছে, উপকূলে সর্বোচ্চ ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি জেলায় জরুরি সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে গত ২৫ জুন দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময়ও বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই দেশটিতে সংঘটিত হয়।
সূত্র: এএফপি, এনডিটিভি।