সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত না হলে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, অতীতে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বহু ঘটনা ঘটলেও সেসব ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এর ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এখনও দেশের বিচারব্যবস্থা দুর্বল উল্লেখ করে এটি আরও শক্তিশালী, স্বাধীন ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ হিসেবে বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি বলেন, ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন। এর ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, সরকারে থাকা কিংবা বিরোধী দলে থাকা—সব রাজনৈতিক দলেরই দায়িত্ব দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা। বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও শুধু স্থিতিশীলতা যথেষ্ট নয়; এটিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে হলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সমঅধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশই পারে সেই গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে।