কুড়িগ্রামের সংস্কৃতিমনা তরুণ-তরুণীদের নিয়ে গঠিত হয়েছে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়াকে আহ্বায়ক, লতিফুর রহমানকে সদস্য সচিব এবং জান্নাতুল ফিরদাউস মিমকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ, সুস্থ ও মার্জিত সংস্কৃতির চর্চা এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের আলোকে একটি সুন্দর সমাজ গঠনকে সংগঠনটির মূল আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির লক্ষ্য, কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে ভূমিকা রাখা। বিশেষ করে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি, গান, সাহিত্য ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা গড়ে তোলার প্রত্যাশা রয়েছে সংগঠনটির।
এ বিষয়ে নর্থ কালচারাল কমিউনিটির মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম বলেন, “কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি, গান, সাহিত্য ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত এবং সংরক্ষণ করতে নর্থ কালচারাল কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সংগঠনটির প্রত্যাশা, সংস্কৃতিমনা তরুণ-তরুণীদের সম্মিলিত উদ্যোগে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা আরও বিস্তৃত হবে এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধভিত্তিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার পথ সুগম হবে।