জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় জুলাই কেন্দ্রিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।