নেত্রকোণা পৌরসভার বাহিরচাপড়া শান্তিনগর এলাকায় নিজ বসতঘরে অনলাইনে জুয়া খেলার সময় এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয় এবং অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ৩১ পাতার স্ক্রিনশট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি আশরাফুল ইসলাম। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাতের মোড় এলাকার উসমান দেওয়ানের ছেলে। বর্তমানে নেত্রকোণা পৌরসভার বাহিরচাপড়া শান্তিনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
নেত্রকোণা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।