তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে নতুন মাসের শুরুতেই বাড়তি খরচের মুখে পড়ছেন ভোক্তারা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য নতুন এ মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূসক (ভ্যাট)সহ এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দর ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে এলপিজির মূল্য সমন্বয় করা হয়।
সূত্র: প্রথম আলো