রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে টাকা বহনকারী কাভার্ডভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পের টাকা একটি কাভার্ডভ্যানে করে নেওয়ার সময় পথরোধ করে ছিনতাইকারীরা। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যানটি থামিয়ে টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে পেট্রোল পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।
ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা বলে অভিযোগ করা হয়েছে।
ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
ঘটনার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।