কুড়িগ্রামের ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যাচভিত্তিক জমজমাট ফুটবল টুর্নামেন্ট। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাটি পরিণত হয় মিলনমেলা ও আনন্দঘন এক আয়োজনে।
প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও ছোট-বড় ভাইদের সঙ্গে একত্রিত হয়ে অনেকেই ফিরে যান স্কুল জীবনের স্মৃতিময় দিনে।
আজকের খেলায় মুখোমুখি হয় ১৯৯৭-২০১৩ ব্যাচ ও ২০১৬ ব্যাচ। দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স, প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এবং মাঠজুড়ে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলাটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় ও আন্তরিক করে তোলার একটি সুন্দর প্রচেষ্টা।