আন্তর্জাতিক অনলাইন তথ্যভান্ডার ও পরিসংখ্যানভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম Numbeo-এর ২০২৬ সালের সর্বশেষ Crime Index-এ দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও (Safety Index) অঞ্চলটির শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সবচেয়ে নিচে।
প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক (Crime Index) ৬২.২ এবং নিরাপত্তা সূচক (Safety Index) মাত্র ৩৭.৮। এই সূচক রাজধানীতে বসবাসকারী ও ভ্রমণকারীদের নিরাপত্তাবোধ তুলনামূলকভাবে কম থাকার ইঙ্গিত দেয়। বিশেষ করে রাতের বেলায় চলাচলের ক্ষেত্রে অনিরাপত্তার অনুভূতি বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বিশ্বের ৩৫০টিরও বেশি বড় শহরের তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম। অপরদিকে, বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১.১, আর নিরাপত্তা সূচক ৮৮.৯।
দক্ষিণ এশিয়ার তুলনামূলক চিত্র
Numbeo-এর তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। উভয় শহরের অপরাধ সূচক ৫৯.১ এবং নিরাপত্তা সূচক ৪০.৯। এছাড়া ভারতের গাজিয়াবাদ (৫৮.৪), নয়ডা (৫৫.১), গুরগাঁও (৫৪.১) ও ব্যাঙ্গালোর (৫৪.০)-ও অপরাধপ্রবণ শহরের তালিকায় রয়েছে।
অন্যদিকে, নিরাপত্তার দিক থেকে কলকাতা, মুম্বাই, কলম্বো, কাঠমান্ডু, লাহোর, আহমেদাবাদ ও ইসলামাবাদ ঢাকার তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।
এক নজরে দক্ষিণ এশিয়ার শহরগুলোর অবস্থান
শহর| অপরাধ সূচক| নিরাপত্তা সূচক
ঢাকা| ৬২.২| ৩৭.৮
করাচি| ৫৯.১| ৪০.৯
দিল্লি| ৫৯.১| ৪০.৯
গাজিয়াবাদ| ৫৮.৪| ৪১.৬
নয়ডা| ৫৫.১| ৪৪.৯
গুরগাঁও| ৫৪.১| ৪৫.৯
ব্যাঙ্গালোর| ৫৪.০| ৪৬.০
রাওয়ালপিন্ডি| ৫১.৬| ৪৮.৪
কলকাতা| ৪৬.৯| ৫৩.১
মুম্বাই| ৪৪.১| ৫৫.৯
কলম্বো| ৪২.৬| ৫৭.৪
লাহোর| ৩৬.৯| ৬৩.১
কাঠমান্ডু| ৩৬.৭| ৬৩.৩
আহমেদাবাদ| ৩১.৫| ৬৮.৫
ইসলামাবাদ| ৩১.৪| ৬৮.৬
কেন কমছে নিরাপত্তাবোধ?
বিশ্লেষকদের মতে, দ্রুত নগরায়ণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ, ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি ও সড়কবাতির ঘাটতি—এসব কারণে রাজধানীতে মানুষের নিরাপত্তাবোধ কমে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, Numbeo-এর Crime Index সরকারি অপরাধ পরিসংখ্যান নয়; এটি বিভিন্ন দেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে তৈরি একটি আন্তর্জাতিক তুলনামূলক সূচক।
সূত্র:
– Numbeo, Crime Index by City 2026 Mid-Year।