মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের ১৯ জন পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্নপূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন থানা ও ইউনিটের প্রধান এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম