সম্পত্তি দান করার পরও দাতা তার জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার বজায় রাখতে পারবেন। এ বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এর সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে প্রচলিত আইনে কেউ সম্পত্তি দান করলে তার মালিকানা ও ভোগদখলের অধিকার সম্পূর্ণভাবে গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী কার্যকর হলে সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা চাইলে জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার সংরক্ষণ করতে পারবেন।
এদিকে একই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো তৈরি করবে।
এ ছাড়া মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে।