Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে শিক্ষার্থীদের মানসিক চাপ কী, কেন মানসিক চাপ সৃষ্টি হয় এবং চাপ থেকে কীভাবে বেরিয়ে আসা যায়—এসব বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশনের উপকারিতা ও সঠিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক, ARWO-এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির ফুলবাড়ী উপজেলা ভলান্টিয়াররা।
সেমিনারে ARWO-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার কলেজ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এ কাজে জেলার বিভিন্ন উপজেলার কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ দিলে কার্যক্রমগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানান তারা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এর আগে তারা এ ধরনের সেশনে অংশ নেননি এবং মানসিক চাপের সময়ে কীভাবে নিজেকে শান্ত রাখা যায়, সে বিষয়ে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। সেমিনারের মাধ্যমে তারা বিষয়গুলো জানতে পেরেছেন এবং সেশনটি তাদের জন্য উপকারী হয়েছে বলে জানান।
কলেজ কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এমন কার্যক্রম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তারা অন্যান্য কলেজকেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট, কুড়িগ্রাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুইজে অংশগ্রহণকারী প্রথম পাঁচজন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নার্সিং শিক্ষা, নার্সিং কোচিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়।